যুক্তরাষ্ট্রের বাজারে নিষিদ্ধ অ্যাপল ওয়াচ সিরিজ ৯ ও আল্ট্রা ২

  • কর্মচারীদের নিয়োগ, পালস অক্সিমেট্রি প্রযুক্তি চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে ম্যাসিমো
  • ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি মডেল মার্কেট থেকে তুলে নিয়েছে অ্যাপল
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের দুইটি সংস্করণ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (আইটিসি) । মেডিকেল প্রযুক্তি বিষয়ক কোম্পানি ম্যাসিমোর আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স ও সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে আলোর সাহায্যে রক্তের অক্সিজেন পর্যবেক্ষণ সম্পর্কিত ফিচারে ৫টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে ম্যাসিমো। চলতি বছরের শুরুতে সেই মামলার রায় অ্যাপলের বিরুদ্ধে যায়। অক্টোবরেও আইটিসি এ রায় বহাল রাখে।

নিষিদ্ধ হওয়া দুটি মডেলেই রয়েছে ফিচারটি। তবে, এই ফিচার থাকা সত্ত্বেও পুরনো মডেলগুলো বিক্রি নিষেধাজ্ঞার আওতায় নেই। ‘ওয়াচ সিরিজ ৬’ থেকেই রক্ত চাপ পর্যবেক্ষণ ফিচারটি চালু করেছিল অ্যাপল।

এদিকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি নিষেধাজ্ঞার ওপর বিরতি চেয়ে মার্কিন আদালতে আবেদন করেছে অ্যাপল।

কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি মডেল ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৯’ ও ‘আল্ট্রা ২’ নিজেদের অনলাইন স্টোর থেকে তুলে নিয়েছে অ্যাপল। খুচরা বিক্রির দোকানেও পাওয়া যাচ্ছে না এ দুটি মডেল। ওয়েবসাইট থেকেও মডেল দুটি সরিয়ে ফেলা হয়েছে।

ম্যাসিমো অ্যাপলের বিরুদ্ধে তাদের কর্মচারীদের নিয়োগ, পালস অক্সিমেট্রি প্রযুক্তি চুরি এবং অ্যাপল ওয়াচে অন্তর্ভুক্ত করার অভিযোগে মামলা করে। সে মামলা এখনো চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত