দুই দিনে ৫ মিলিয়ন, অপূর্ব-তটিনীর বাজিমাত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

টেলিভিশন নাটকে অপূর্ব মানেই হিট প্রোডাকশন। যদিও অভিনেতা এখন ওটিটি এবং সিনেমার প্রস্তুতি নিতে ব্যস্ত, যার দরুণ নাটকে একটু কমই সময় দিচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া তার অভিনীত বছরের শেষ ‘পথে হলো দেরী’ দর্শক লুফে নিয়েছে। মুক্তির মাত্র দুই দিনেই পঞ্চাশ লাখেরও বেশি দর্শক দেখেছে এটি। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিন সাইয়ারা তটিনী। 

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় দেড় ঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ প্রজেক্ট উন্মুক্ত হয়েছে ২৪ ডিসেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই গত দুই দিনে এটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউ অতিক্রমের পাশাপাশি দর্শক ও সমালোচক প্রতিক্রিয়াও বেশ চোখে পড়ার মতো।

নাটকটির পুরো শুটিং হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। ফলে গল্পের বাইরেও পুরো নাটকটিতে ‘বিউটিফুল বাংলাদেশ’ দেখা গেছে। যেটা ট্রেলারে অনুমান ছিল সবার। দুই দিন ধরে ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘর আর সমালোচকদের ফেসবুক পোস্ট প্রমাণ করে, বছরের সেরা কাজের স্বীকৃতি পেতে যাচ্ছে নাটকটি।

নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমরা চেয়েছি বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে। মনের মতো মানে, বেশির ভাগ সময়ে তো দর্শক চাহিদা বা ভিউ চিন্তা করে কাজ করতে হয়। তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার। এই আমরা হলাম―আমি, শিল্পী ও প্রযোজক। তিন পক্ষ এক হয়েই কাজটি করেছি। এবং এটি করার জন্য আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি, সেটি দিয়ে এখন আর নাটক হয় বলে আমার মনে হয় না।’

‘পথে হলো দেরী’ নাটকে অপূর্ব-তটিনী ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও মনোজ প্রামাণিক প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত