সরকারি স্কুলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ পিএম

পটিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী নির্বাচনী ক্যাম্প করার অভিযোগ পাওয়া গেছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পটি স্থাপন করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পটিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভুঁইয়া জনি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বিএনএম, স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জন প্রার্থী। এর মধ্যে উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়েছে। স্কুলের প্রবেশ পথে পোষ্টার লাগানো ছাড়াও স্কুল মাঠে বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল করা হয়েছে যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।

ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ বলেন, সরকারি স্কুলে নির্বাচনী ক্যাম্প করার কারণে বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমসহ শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ওসমান আলমদার, আরিফ আলমদার নির্বাচনী ক্যাম্পটি স্থাপন করেন। এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ার কারণে তাদের ভয়ে কেউ মুখ খুলছে না।

পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভুঁইয়া জনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রার্থী নির্বাচনী ক্যাম্প করার আইনগত কোন সুযোগ নেই। ইতোমধ্যে ছনহরা মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ ও মাঠে যে ক্যাম্পটি করা হয়েছে তা সরিয়ে নিতে নোটিশ জারী করা হয়েছে। যদি ক্যাম্পটি সরিয়ে না নেওয়া হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত