২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনের আগে স্বামী রবার্ট বঢরাকে বেআইনি আর্থিক লেনদেন এবং বেনামি সম্পত্তি কেনার অভিযোগে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট—ভারতের অভ্যন্তরীণ অর্থ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা)। পাঁচ বছর পরে আর এক লোকসভা নির্বাচনের আগে এবার চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার।
ইডি সূত্র জানায়, ২০০৯-এ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে রবার্ট বঢরা একটি ‘বেনামি’ সম্পত্তি কিনেছিলেন লন্ডনে। সেই মামলাতেই চার্জশিটে নাম উল্লিখিত হয়েছে প্রিয়াঙ্কার। তবে চার্জশিটে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যাকে ‘অভিযুক্ত’ করা হয়নি।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে লন্ডনের ওই বাড়ি নিয়ে রবার্ট ও তার সচিবের কিছু ইমেইলের আদান-প্রদানের ‘তথ্য’ প্রকাশ করেছিল নরেন্দ্র মোদি সরকার। যেখানে বাড়িটি মেরামতির জন্য টাকা-পয়সা দেওয়া নিয়ে দুপক্ষের কথা হয়েছে।
লন্ডনের অভিজাত এলাকায় বাড়িটি নাকি এক বছরের মধ্যে বিক্রিও করে দেওয়া হয়। ওই মামলায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ জেরা করা হয় রবার্টকে। তবে বিষয়টি নিয়ে এতদিন তদন্তের অগ্রগতির কোনো কথা জানায়নি কেন্দ্রীয় সংস্থাটি।