ভাই রাহুলকে ছাড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

নির্বাচনী অভিষেকেই বাজিমাত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। ভাই রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে দলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, সেই কেন্দ্রের উপনির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত না হলেও প্রিয়াঙ্কার জয় নিশ্চিত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এখন পর্যন্ত যত ভোট গণনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ৪ লাখের বেশি ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা। জয় নিশ্চিত বোঝার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

এই ওয়েনাড থেকেই পরপর দুবার এমপি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। শেষবার, অর্থাৎ ২০২৪-এর নির্বাচনে রাহুল এই আসনে জয়ী হয়েছিলেন ৩,৬৪,৪২২টি ভোটের ব্যবধানে। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে ইতিমধ্যেই সেই ব্যবধান ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা, যা বিরাট সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এক্সের পোস্টে ওয়েনাডের আমজনতা থেকে শুরু করে কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী, ইউডিএফের শরিক, মা সোনিয়া গান্ধী, স্বামী রবার্ট ভদরা, নিজের দুই সন্তান এবং প্রিয় দাদা রাহুল গান্ধীর প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা তার এক্স বার্তায় জানিয়েছেন, যেভাবে ওয়েনাডের মানুষ তার ওপর ভরসা করেছেন, তাতে তিনি আপ্লুত। ওয়েনাডবাসীর প্রতি প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারবে, তার এই জয় আদতে মানুষেরই জয়।

প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আপনাদের আওয়াজ যাতে সংসদে পৌঁছে, আমি সেই ব্যবস্থা করব।’ তার এই এক্স পোস্টে প্রিয়াঙ্কা তার ভোটারদের ‘আমার সব থেকে প্রিয় ওয়েনাডের বোন ও ভাই’ বলে সম্বোধন করেছেন।

সবশেষ পাওয়া খবর অনুসারে, ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এখন পর্যন্ত ৬,১৭,৯৪২টি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। সেখানে তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন সিপিআই প্রার্থী সথ্যন মোকেরি ও বিজেপির নাভ্যা হরিদাস। গণনা এখনো চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত