রাজধানীর ক্যান্টনমেন্টে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে জানু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে জানুকে মৃত ঘোষণা করেন।
জানু কিশোরগঞ্জের তারাইল উপজেলার সেকান্দার নগর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন তিনি।
সহকর্মী সিদ্দিক মিয়া ও শফিকুল ইসলাম জানান, তারা দিনমজুরের কাজ করেন। সকাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরে নির্মাণাধীন ১৪ তলা একটি ভবনে পরিচ্ছন্ন করার কাজ করছিলেন। ৪র্থ তলায় নিরাপত্তার মাচানের উপর উঠে ময়লা পরিষ্কার করার সময় সেখান থেকে তারা ৩ জন নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে জানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত বাবুল (৩৮) ও বিশু (৩৭) ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
