ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বতার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বা ইসরায়েল সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্য বয়কটের ডাক ওঠে। এর মধ্যে অন্যতম আন্তর্জাতিক কফি চেইনশপ স্টারবাকস। এবার সেই স্টারবাকসের কফি কাপ নিয়েই তোপের মুখে পড়েছেন তুরস্কে জনপ্রিয় এক নারী সংবাদকর্মী।
টেলিভিশনে সংবাদ উপস্থাপনার সময় ডেস্কে স্টারবাকসের কপি কাপ রেখেছিলেন মেলতেম গুনায় নামের ওই সংবাদকর্মী। স্টারবাকসকে তুর্কিরা ইসরায়েলের ঘনিষ্ঠ মনে করে। ফলে তাদের সমালোচনার শিকার হয় টেলিভিশন চ্যানেলটি। এর জেরে পুরস্কারজয়ী সংবাদ উপস্থাপক মেলতেমকে বরখাস্ত করা হয়।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তুর্কি সম্প্রচারমাধ্যম টিজিআরটি হেবারের অন্যতম অভিজ্ঞ একজন সংবাদ উপস্থাপক ছিলেন মেলতেম গুনায় নামে ৪৫ বছর বয়সী ওই নারী। কিন্তু স্টারবাকসের কাপ টিভির সামনে নিয়ে আসায় অনুষ্ঠান সম্প্রচারের পরপরই মেলতেমসহ ওই অনুষ্ঠানের পরিচালককে চাকরিচ্যুত করা হয়।
ইস্তাম্বুল-ভিত্তিক মিডিয়া সংস্থাটি বলছে, তারা গাজা সম্পর্কে তুর্কি জনগণের সংবেদনশীলতা সম্পর্কে অবগত এবং শেষ পর্যন্ত তাদের পক্ষে থাকবে। টিজিআরটি কর্তৃপক্ষের ভাষ্য, ‘আমরা উপস্থাপক এবং পরিচালকের এমন অসংবেদনশীলতা সমর্থন করি না, আমরা এর তীব্র নিন্দা জানাই। নীতিবিরোধী কাজ করায় তাদের নিয়োগ চুক্তি বাতিল করা হয়েছে।’
