নরসিংদী-২ আসনের আমদিয়া ইউনিয়নে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন ভূইয়াকে শোকজ করা হয়েছে। এছাড়াও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নাজিম উদ্দিন ভূইয়া রিপন নরসিংদী-২ আসনে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। যা আচরণবিধি লঙ্ঘন। জেলায় নির্বাচন চলাকালীন আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদেরকে অস্ত্রসহ চলাফেরা, অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
