আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ দলীয় জোটের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ তুলে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ১০ দলীয় জোট। রবিবার (১৮ জানুয়ারি) দুপর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর)।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা তার ও তার নেতাকর্মীদের নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে এবং খারাপ আচরণ করছে। তিনি জানান, সম্প্রতি কদমতলী এলাকার ১০ দলীয় জোটের সমর্থক মোহাম্মদ আলমগীর হোসেনকে বিএনপির কর্মী-সমর্থকেরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছে।

এছাড়া বনগ্রাম এলাকার মাওলানা শোয়াইব ইসলামকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আল্লামা শাহ আকরাম আলী আরও বলেন, তাকে ও তার নির্বাচনী গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশাসনের প্রতি নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসাইন, ধলা হুজুরের নির্বাচনী মুখপাত্র মুফতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, সদর শাখার সেক্রেটারি মুফতি নাজমুল হাসান, সালথা শাখার সভাপতি মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সবশেষে আল্লামা শাহ আকরাম আলী বলেন, নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিয়ে তিনি শঙ্কিত। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত