চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন শাহাদাত হোসেন দিপু। সঙ্গে পারভেজ হোসেন ইমনের ফিফটিতে লড়ার মতো সংগ্রহ গড়ল পূর্বাঞ্চল। রান তাড়ায় এক পর্যায়ে চাপে পড়ে যাওয়া উত্তরাঞ্চল প্রীতম কুমার ও আকবর আলির ফিফটিতে ঘুরে দাঁড়িয়ে তুলে নিল দারুণ এক জয়। ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় শিরোপা ঘরে তুলল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিসিএল ওয়ানডে সংস্করণের ফাইনালে পূর্বাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা ৩৮ বল বাকি থাকতে।
জবাব দিতে নেমে ৮৪ রানে ৪ উইকেট হারায় উত্তরাঞ্চল। সেখান থেকে তাইবুর রহমানকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন প্রীতম। ২৪ রান করা তাইবুরের বিদায়ের পর প্রীতমকে সঙ্গে দেন আকবর। দুইজনে গড়েন ৮০ রানের জুটি।
১ ছক্কা ও ৬ চারে ৭৬ রান করে আউট হন প্রীতম। কিন্তু লড়াই চালিয়ে যান আকবর। ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ওপেনার তানজিদ হাসান তামিম করেন ৪৩ রান।
উত্তরাঞ্চলের এই জয়ে অবদান কম নয় নাহিদ রানার। পূর্বাঞ্চলকে তিনশর আগে থামানোর পথে ৫০ রানে ৫ উইকেট নেন এই পেসার। লিস্ট 'এ' ক্রিকেটে যা তার প্রথম পাঁচ উইকেট শিকার।
ম্যাচের প্রথমভাগে আলো কেড়ে নেন দিপু। পেসার নাহিদ রানার ছোবলে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চল ৫৮ রানে ৩ উইকেট হারায়। সেখান থেকে দলকে টানেন ইমন ও দিপু। দুইজনে গড়েন ১২২ রানের জুটি।
৩ ছক্কা ও ৫ চারে ইমন ৭৩ রান করে ফিরলেও একপ্রান্তে লড়াই চালিয়ে যান দিপু। লিস্ট 'এ' ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ১১৭ বলে। ২ ছক্কা ও ৯ চারে ১২২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন দিপু। ১ ছক্কা ও ৩ চারে ইরফান শুক্কুরের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।
