বিমানবালাদের সঙ্গে অশোভন আচরণ, বিমানের সিটে মদ্যপ যাত্রীর প্রস্রাব করার ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হয়। এই তালিকায় বাদ নেই বিমান সংস্থার সরবরাহ করা খাবারও। যাত্রীরা পচা খাবার পেয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকবার। সেই ধারাবাহিকতায় এবার বিমানে দেওয়া স্যান্ডউইচে মিলল জীবন্ত কৃমি।
ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি থেকে মুম্বাইগামী একটি ইন্ডিগোর বিমানে। খুশবু গুপ্ত নামে এক যাত্রী অভিযোগ করেন, তাকে দেওয়া স্যান্ডউইচে কৃমি পাওয়া গেছে।
জানা গেছে, বিমানে উঠে নিরামিষ খাবার চেয়েছিলেন খুশবু। চাহিদা অনুযায়ী তাকে নিরামিষ স্যান্ডউইচ দেওয়া হয়। যদিও প্রথমে কিছুই বুঝতে পারেননি তিনি। স্যান্ডউইচে কামড় বসাতেই আচমকা তার নজরে পড়ে জীবন্ত কৃমি বেরিয়ে আসছে, যা দেখে শিউরে ওঠেন তিনি।
এরপর বিমানের মধ্যে চিৎকার করতে শুরু করেন খুশবু। দ্রুত তার কাছে ছুটে আসেন বিমানসেবিকারা। যদিও বিমান কর্তৃপক্ষ স্যান্ডউইচ বদলে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজি ছিলেন না তরুণী। পরে ওই স্যান্ডউইচের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
ইনস্টাগ্রামে খুশবু লেখেন, ‘আমি ই-মেইলের মাধ্যমে দ্রুত অভিযোগ জানাব। যাত্রীদের মধ্যে শিশু, বয়স্ক মানুষরাও ছিলেন। তাদের সংক্রমণ হলে কী হবে!’ ইন্ডিগোকে ট্যাগ করে অভিযোগ জানান তিনি।
প্রতিক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইন্ডিগো। সংস্থাটি জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর স্যান্ডউইচ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কীভাবে স্যান্ডউইচে কৃমি এলো, তা নিয়ে তদন্ত চলছে।
