মাশরাফীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তাজাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটু। আজ বুধবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

লিটু জানান, পরিবারের সদস্য ও অনেক শুভাকাঙ্ক্ষীদের অসম্মতির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তার এই সিদ্ধান্তে আওয়ামী লীগ বা প্রশাসনের কোনো চাপ ছিলো না।

সৈয়দ ফয়জুল আমির লিটুর প্রতীক ছিলো ট্রাক। এর আগে তিনি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সৈয়দ ফয়জুল আমির লিটু সরে যাওয়ায় নড়াইল-২ আসনে সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা,  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (হাতুড়ী) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (লাঙ্গল) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরেজ, এনপিপির (আম) মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের (মাছ) মো. লতিফুর রহমান,  ইসলামী ঐক্যজোটের (মিনার) মো. মাহবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. নূর ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত