ইসির মামলায় জামিন পেলেন নৌকার প্রার্থী মোস্তাফিজুর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম

নির্বাচন কমিশনের করা আচরণবিধি লঙ্ঘনের মামলায় আদালতে আত্মসমার্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল  দেবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালত চত্বরে সাংবাদিককে মারধর ও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে গত ২৬ ডিসেম্বর মামলাটি করেছিল নির্বাচন কমিশন। মোস্তাফিজুর রহমান এবারও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। 

তার আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, সাংবাদিককে মারধর ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোস্তাফিজুর রহমান চৌধুরী বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন’।

এর আগে ইসির নির্দেশে বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বাদি হয়ে নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত ৩০ নভেম্বর  মোস্তাফিজুর রহমান  চৌধুরী ব্যাপক  শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কর্মকর্তার দপ্তরে প্রবেশ করেন। এ সময় অধিক লোক সমাগম করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন মোস্তাফিজুর। নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে গালিগালাজ ও কিল ঘুষি মারেন, এরপর সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় ওইদিন ভুক্তভোগী সাংবাদিক চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। অভিযোগটির তদন্ত করেন চট্টগ্রাম-১৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম  জেলা জজ আবু সালেম মোহাম্মদ নোমান। তিনি ৩ ডিসেম্বর ওইদিনের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত