যশোরের অভয়নগরের হিদিয়া গ্রামের মানুষেরা অনন্য এক উৎসবে মেতে ছিলেন। নৌকা বাইচকে ঘিরে ইছামতি নদী ও তীরে পুরুষের ঢোলের বাদন আর নারী ও শিশুর নৃত্যে মুখরিত প্রত্যন্ত হিদিয়া রূপ নিয়েছিল এক আনন্দনগরে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত নৌকাবাইচে প্রতিযোগীদের উৎসাহ দিতে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন অসংখ্য নারী পুরুষ।
এছাড়া নদীর দুপাড় ও ব্রিজের ওপর ভিড় করেন সহস্রাধিক মানুষ। প্রতিযোগিতায় ছোট বড় মিলে ২২টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচের সঙ্গে সঙ্গে জারি-সারি গান ও নাচ উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।
বড় নৌকা প্রতিযোগিতায় জাকির হোসেনের নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে ছিল সাধন বিশ্বাসের নৌকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে রিপন ও বলাইয়ের নৌকা।
ছোট নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে তরিকুলের নৌকা, দ্বিতীয় স্থানে ছিল জিরানের নৌকা ও তৃতীয় স্থানে ছিল বিজয়ের নৌকা।
