প্রতিদিনের চলার পথে এমন কিছু মানুষ আসে যাদের প্রথম দেখাতেই মনে হয় খুব আপন, চিরচেনা। প্রথম দেখাতেই মনে হয় আমরা একে অন্যের জন্য তৈরী, সোলমেট। কিন্তু প্রকৃতি সেই মানুষগুলোকে এক করতে অনীহা দেখায়। আবার সব কিছু মিলে গেলেও কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায় সেই গল্পে৷
এমনই তিনটি অদ্ভুত প্রেমের গল্প যেখানে গল্পের চরিত্ররা তাদের শুদ্ধ ভালবাসা খুঁজে পেতে চায়। প্রকৃতির অনীহা থাকার পরেও, অনেক অপূর্ণতাকে পাশ কাটিয়ে এই গল্পের চরিত্ররা কী তাদের শুদ্ধ ভালবাসা খুঁজে পাবে? এমন দোলাচল নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘বুক পকেটের গল্প’, যেটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম।
‘বুক পকেটের গল্প’ শিরোনাম হলেও নাটকটি ছোট ছোট ৩টা গল্পে বিভক্ত যেখানে ৬টা চরিত্রে অভিনয় করেছেন শ্বাশত দত্ত, আইশা খান, মীর রাব্বি, আবু হুরায়রা তানভীর, প্রিয়ন্তী উর্বি ও মারিয়া শান্ত। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। ৭০ ভাগ কাজ শেষ হলেও ৩০ ভাগ কাজ বাকি রয়েছে, যা শীঘ্রই শুরু হবে।
নির্মাতা জাহিদ প্রীতম দেশ রূপান্তরকে বলেন, ‘গল্পের বিশুদ্ধতার জন্য গল্পে এক ঝাঁক উদীয়মান এবং নাটকে অনিয়মিত জুটিকে বাছাই করা হয়েছে। প্রথম প্রেমে যেমন অচেনা অনুভূতি কাজ করে, দর্শকদের সেই প্রথম অনুভূতির স্বাদ দিতেই সম্পূর্ণ নতুন জুটিদের নিয়ে কাজ করতে চেয়েছি। এই ভালোবাসার গল্প অন্য ভালোবাসার গল্পের সাথে মিলবেনা৷ গল্পের চিত্রনাট্যে নতুনত্ব আছে যা দর্শককে অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন করবে যা তারা আগে কখনো পায়নি। প্রতি ভালোবাসা দিবসেই আমি চেষ্টা করি নতুন স্বাদে ভালোবাসার অন্যরকম গল্প বলার। এবারও তার ব্যতিক্রম হবেনা।’
নতুন শিল্পী নিয়ে কাজ করা প্রসঙ্গে তার ভাষ্য, ‘নির্মাতা হিসেবে নতুন প্রতিভাদের সাথে কাজ করা আমার কাছে সবসময়ই খুব আনন্দের। তাদের সাথে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জিং, অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। আর সেই রিস্কের সাথেই ইশক (প্রেম) আমার। নতুনরা নরম মাটির দলার মত হয়। একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে সেই মাটির দলাকে আসল ছাঁচে ফেলে উপস্থাপনা করলেই আমার গল্প ভিন্নতা পায়। আর দর্শক যখন সেই নতুন সত্তার প্রেমে পড়েন নির্মাতা হিসেবে আমি পূর্ণ হই।’
আসছে ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে ‘বুক পকেটের গল্প’ নাটকটি উন্মুক্ত হবে জানা গেছে।
