হাজিরা এড়ানোয় কেজরিওয়ালকে গ্রেপ্তারের শঙ্কা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেতারা। ইতিমধ্যে তারা দলীয় কার্যালয়ে জড়ো হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আম আদমি পার্টির নেতারা দাবি করেছেন দিল্লির মদ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জারি করা তৃতীয় সমনে উপস্থিত না হওয়ায় তিনি এবার গ্রেপ্তার হতে পারেন।

আম আদমি পার্টির তরফে দাবি করা হয়েছে তারা তথ্য পেয়েছেন যে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে সম্ভবত বৃহস্পতিবার ইডি ও দিল্লি পুলিশ গ্রেপ্তার করবে। এ সময় তল্লাশি চালানো হবে তার বাসবভনেও । 

কেজরিওয়ালের গ্রেপ্তার এবং তার বাসভবনে ইডি অভিযানের আশঙ্কার মধ্যে দলের হাজারো নেতাকর্মী ইতিমধ্যে তার বাসভবনসহ দলীয় সদর দপ্তরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেছেন।কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জেরা করার জন্য বুধবার (৩ জানুয়ারি) কেজরিওয়ালকে তলব করে ইডি। তিনি সমন এড়িয়ে যান। যদিও তদন্ত সংস্থার কাছে একটি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে তিনি ওই নোটিশকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন।

গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর দুটি সমনও এড়িয়ে যান কেজরিওয়াল। এএপির সুপ্রিমো সেই সমনগুলোকেও 'অবৈধ' এবং 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত