শাহজাহান ওমর বললেন

জয় বাংলা না বললে আমার হিট আসে না

  • আপনারা আমার আচরণে কোন জাতীয় পার্টির কর্মীরা অতীতে ব্যথিত হলে আমি ক্ষমা প্রার্থী
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, আমি জয় বাংলার লোক। জয় বাংলা না বললে আমার হিট আসে না।

বুধবার সন্ধ্যা সাতটায় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা গুলো বলেন।

পথসভায় তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমি জয় বাংলা বলেছি। মাঝখানে কোথা থেকে কি হয়ে গেল। নিয়তির পরিণতি, ইচ্ছা থাকলেও সব কিছু সব খানে বলা যায় না। হয়তো বা বলিওনি। আমার মুখ থেকে আপনারা কোনদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটাও কথা শুনেছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি কখনও শুনেছেন? আওয়ামী লীগের কোন কর্মী আমার দ্বারা কষ্ট পেয়েছে? আমি দুই একটা সাইকেলের কর্মীকে তিরস্কার করেছি।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনারা আমার আচরণে কোন জাতীয় পার্টির কর্মীরা অতীতে ব্যথিত হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা অনুগ্রহপূর্বক আমাকে বাকা চোখে দেখবেন না। আমি আপনাদের সকলের লোক। আমি চেষ্টা করেছি সকলের সাথে মিলে মিশে কাজ করতে।

এ সময় তিনি আরও বলেন, আমার জীবন যৌবন তো রাজাপুরে মাটিতে গেল। ৫০ বছর আমি আপনাদের পাড়া গায়ে কাঁদায়, সাঁকোতে, পানিতে হেঁটেছি। এই দুই উপজেলার অনেক সাঁকো ভেঙ্গে আমি খালে পরেছি,আমার মনে আছে। আমি একটা অনুরোধ করি আপনাদের। এই নির্বাচনতো প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন সে রকম নয়। তার পরও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সভায় উপজেলা সদরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ভোট কেন্দ্রের নির্বাচনকালীন সভাপতি মো. আহসান হাবিব সোহাগ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত