ভোটারদের ভোট দিতে নির্বাচন কমিশন থেকে কোন চাপ দেওয়া না হলেও, ভোট বর্জনকারী দলগুলো ভোটকেন্দ্রে না আসার চাপ দিতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর এমনটি জানিয়েছেন তিনি।
সিইসি বলেন, সরকার এবং ইসি ভোটারদের ভোট দিতে চাপ দিচ্ছে কি না বিদেশিদের এমন প্রশ্ন ছিল। এর জবাবে আমরা বলেছি, ভোট বর্জনকারী দলগুলো ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য চাপ দিতে পারে সেই শঙ্কা আছে।
তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তারা সব সময় নির্বাচন বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। সবার একটাই প্রত্যাশা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কি পরিমাণ পাচ্ছি সে নিয়েও কূটনীতিকরা প্রশ্ন করেছিলেন। আমরা আমাদের পদক্ষেপগুলো জানিয়েছি। এদিন বিভিন্ন দেশ ও সংস্থার ৭৯ প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় ইসি। তবে ৫৩ জন আসে ইসির আমন্ত্রণে।