দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব এলাকায় নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি বসানো হয়েছে তল্লাশিচৌকি।
এক বিজ্ঞপ্তিতে র্যাব-৩ জানায়, আগামী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে। যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতিকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র্যাব-৩ সদা তৎপর । এছাড়াও যে কোন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে র্যাবের চেকপোস্ট চলমান থাকবে।
র্যাব-৩-এর সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, সাদাপোশাকে র্যাবের শতাধিক সদস্য গোয়েন্দা নজরদারি করছে। এ ছাড়া র্যাবের পোশাকধারী শতাধিক সদস্য তল্লাশিচৌকি পরিচালনার পাশাপাশি র্যাব-৩-এর দায়িত্ব পাওয়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন।
