রাজধানীর গোপীবাগে পুড়ে যাওয়া ট্রেন সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে আজ আর বেনাপোল যাবে না দগ্ধ ট্রেনটি। শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটির।
ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেনাপোল এক্সপ্রেসের রেক চায়নিজ কোচের। ট্রেনের পাওয়ার কারসহ বেশ কয়েকটি কোচ পুড়ে গেছে। ঢাকায় কোনো অতিরিক্ত চায়নিজ কোচ নেই, পাওয়ার কারও নেই। রেলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টিকিট ফেরত নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় ফিরছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় চারজন মারা গেছে। নিহতদের মধ্যে দুইজন শিশু। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিরন মিয়া।
রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪