‘জানালা দিয়ে ৪ জনকে বের করে আনি’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ এএম

রাজধানীর গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি কাছ থেকে দেখেছেন শাকিল নামের এক বেসরকারি ব্যাংকের কর্মচারী।

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘রাত সোয়া ৯টায় আমরা তিন বন্ধু মিলে মুড়ি খাচ্ছিলাম। হঠাৎ দেখি কয়েকটি বগিতে আগুন ধরে গেছে। আমরাই ৯৯৯-তে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ভেতর থেকে জানালা দিয়ে ৪ জনকে বের করে আনি। ট্রেনের সব জানালা খোলা ছিল না। কিছু জানালা বন্ধ ছিল।’

আব্দুর রহিম নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘নয়টার দিকে দূর থেকে আগুনের ধোঁয়া দেখতে পাই। এরপর ট্রেনের জানালা ভেঙে কয়েকজন যুবককে বের হতে দেখি। বুঝতে পারি ট্রেনে আগুন লেগেছে। তখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘ট্রেনের বগিতে অসংখ্য মানুষ ছিল। আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ট্রেন থেমে যায়। এর প্রায় ১৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ শুরু করে।’

উল্লেখ্য, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল ট্রেনটি। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

এ ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিশু। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিরন মিয়া।

রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত