ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রের পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মিতা শিবেন্দ্রনাথ দের ছেলে। 

শনিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে মরদেহটি উদ্ধার করে।  

এলাকাবাসী জানিয়েছেন, গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দিতে আসেন। তার সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নাইটগার্ড মো: ইউসুফ হোসেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রনজিৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের পেছনের কাঠবাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকেন। তার সাড়া না পেয়ে বিষয়টি স্কুলের শিক্ষিকা ও স্থানীয় কিরন মেম্বারকে ফোনে জানান নাইটগার্ড ইউসুফ। পরে শনিবার সকাল ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে তার মরদেহ পাওয়া যায়। 

খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে পুলিশ।  

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত