শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুনের এসব ঘটনায় ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে। এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় ১টি, ঢাকা বিভাগে ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু, ফেনী, সীতাকুন্ড, চট্টগ্রাম সিটি), ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল, গফরগাঁও, শেরপুর) ঘটনা ঘটে।
এসব অগ্নিকাণ্ডে ১টি ট্রেনের ৪টি বগি, ২টি পিকআপ, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে যায়। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।