রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটগুলোর জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
দগ্ধ আট জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—আসিফ মোহাম্মদ খান, ড. কৌশিক বিশ্বাস, নাফিস আলম, মো. মাসুদ রানা, ডেইজি আক্তার রত্না, রেহান, মো. ইকবাল এবং দিহান। এদের মধ্যে রেহান ছয় বছর বয়সী, দিহানের বয়স ১১ বছর। তারা সবাই হাসপাতালের অরেঞ্জ ইউনিটে ভর্তি আছেন।
আজ শনিবার সামন্ত লাল সেন বলেন, ‘আহতদের মধ্যে শরীরের বাইরের অংশ পুড়েছে কম। তাদের কারও শরীরের ৮-১০ শতাংশ পুড়েছে। কিন্তু সবারই শ্বাসনালী পুড়েছে। এজন্য তাদের কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়।’
শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রভৃতি হাসপাতালে চিকিৎসাধীন।
