বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তি নাম কামরুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবারের সন্ধানে প্রায় ৪০-৫০টি বন্য হাতি ওই এলাকায় কৃষকদের ধানের বীজতলায় হানা দেয়। বোরো মৌসুমের বীজতলা রক্ষায় গ্রামের কৃষকরা লাঠি, মশাল, পটকা নিয়ে হাতির দলটিকে ধাওয়া করেন। এ সময় হাতির পাল থেকে একটি হাতি কৃষকদের দিকে তেড়ে আসে। এ সময়ম হাতিটি কামরুল ইসলামকে পিষ্ট করে চলে যায়।  হাতির পাল ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে হালুয়াঘাটে বিভিন্ন সময়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ৫ জন কৃষকের মৃত্যু হয়। ঘটনার পরেও হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় বন বিভাগকে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত