ত্রিশালে আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার, ৬৪ লাঠি জব্দ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে মশাল জ্বালানোর জন্য কাপড় পেঁচানো ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২নং বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে নির্মাণ ব্রিকসের বিপরীত পাশে রহমতুল্লাহ লিটিলের ফিসারির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন (৫০), সদস্য মো. মাসুম (৪১) এবং ১ নং ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী কাজির শিমলা এলাকায় মহাসড়কে সমবেত হয়। তারা রাস্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, জননিরাপত্তা বিপন্ন এবং বড় ধরনের নাশকতামূলক অপরাধ সংঘটনের উদ্দেশে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় অন্ধকারের সুযোগ নিয়ে অন্যরা দৌড়ে পা'লিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬৪টি বাঁশের লা'ঠি জ'ব্দ করে পুলিশ, যেগুলোর ওপরের অংশে মশাল জ্বলানোর উদ্দেশে কাপড় পেঁচানো ছিল। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে।



সর্বশেষ সর্বাধিক পঠিত