বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। ভোট গ্রহণের আগে থেকেই টানা কয়েকদিন নিয়মিত বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, গার্ডিয়ান, আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদমাধ্যম। আজ বাংলাদেশে শুরু হওয়া ভোটের খবরও প্রকাশিত হচ্ছে বেশ গুরুত্ব দিয়ে। প্রায় সবগুলো সংবাদমাধ্যমের প্রতিবেদনের শিরোনামে একটি সাধারণ বাক্য দেখা যাচ্ছে, আর তা হলো ‘বিরোধীদলের নির্বাচন বয়কটের মাঝেই বাংলাদেশে ভোট গ্রহণ চলছে।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, ‘বাংলাদেশে বিরোধীদের বয়কট করা নির্বাচনে ভোট গ্রহণ শুরু’।
গার্ডিয়ান শিরোনাম করেছে, 'শেখ হাসিনার হাতে পঞ্চম মেয়াদে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচনে ভোট শুরু'। এ প্রতিবেদনে বলা হয়, রবিবার বাংলাদেশ ভোট গ্রহণ শুরু হয়েছে, যেই নির্বাচনে পঞ্চম মেয়াদে শেখ হাসিনার ক্ষমতায় যাওয়া নিশ্চিত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশের নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি গোটা ভোট পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। আল-জাজিরার অনলাইনে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, ভোট শুরু, সার্বিক পরিস্থিতি তুলে ধরা হচ্ছে লাইভ টেক্সটের মাধ্যমে।
আল জাজিরার এই কভারেজের শিরোনাম- বাংলাদেশ ইলেকশন লাইভ: বিরোধীদের বয়কট করা নির্বাচনে ভোট দিচ্ছে দেশ। এই লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভোট দিয়েছেন। আগামীকাল সোমবার ভোটের আনুষ্ঠানিক ফল দেওয়া হবে। শুরু করে দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ১ কোটি ৫০ লাখ নতুন ভোটার তাদের প্রথম ভোট দেবে।
সাধারণত আল-জাজিরার টেক্সট লাইভে কোনো ঘটনার সারাদিনের চিত্র সময়ে সময়ে উঠে আসে। এই ধারায় বলা যায় আল জাজিরা বাংলাদেশে ভোটের পুরোদিনের চিত্রই তুলে ধরবে।
বাংলাদেশে ভোট শুরু হয়েছে এমন খবর এখনো বিবিসি নিউজের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। তবে ভোটের আগে কয়েকটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনার খবর দেখা যাচ্ছে বিবিসি নিউজে। এই খবরের শিরোনাম ,’বাংলাদেশে ভোটের আগে কেন্দ্রেগুলোতে অগ্নিসংযোগ’। এই প্রতিবেদনে ভোটের আগের দিন কয়েকটি ভোট কেন্দ্রে নাশকতা, গোপীবাগে ট্রেনে আগুন ও ৪ জনের নিহত হওয়ার খবর, চট্টগ্রামে বৌদ্ধ মন্দিরে আগুন, আওয়ামী লীগের কার্যালয়ে আক্রমণের খবর উঠে এসেছে।
বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বিরোধীদল নির্বাচন বয়কট করেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছেন।
