বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তথ্যভিত্তিক আলোচনা ও সরকারের সঙ্গে শ্রমিক-মালিকপক্ষের ধারাবাহিক ত্রিপক্ষীয় সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের (আরএমজি) ন্যূনতম মজুরি পর্যালোচনা এবং এ নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। একই সঙ্গে এ অস্থিরতার কারণে শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর পড়া প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছে আইএলও।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করায় তারা সন্তুষ্ট। মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে এ ধরনের পরামর্শমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইএলওর মতে, পর্যাপ্ত মজুরি, কাজের উপযুক্ত পরিবেশ ও শিল্পপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুস্থ শ্রমসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপের বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পে লাখ লাখ মানুষ কাজ করেন, যাঁদের বড় একটি অংশ নারী।
সংস্থাটি জানায়, আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত পুনর্নির্ধারণের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তনির্ভর। এ ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকার সক্ষমতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ছাড়া দেশের সামগ্রিক মজুরির হার, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক শ্রেণির জীবনযাত্রার মানও মজুরি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় রাখার কথা বলেছে সংস্থাটি।
আইএলও আরও বলেছে, শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরবরাহব্যবস্থার সব পর্যায়ের অংশীজনদের যৌথ দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম ও পণ্য ক্রয়ের নীতি শ্রমিকদের ন্যায্য মজুরি, শোভন কর্মপরিবেশ এবং শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকার সমুন্নত রাখার ওপরও জোর দিয়েছে আইএলও। এসব অধিকার সুস্থ শ্রমসম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটার বিভিন্ন খবরেও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনার কারণে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সামগ্রিক শিল্পসম্পর্কের ওপর গুরুতর প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আইএলও। একই সঙ্গে মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
আইএলও জানিয়েছে, মজুরি নীতি শক্তিশালী করতে কারিগরি সহায়তা, তথ্য-উপাত্ত সংগ্রহ, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সংলাপের মাধ্যমে বাংলাদেশ সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে সহযোগিতা অব্যাহত রাখবে তারা।
এ ছাড়া তথ্যভিত্তিক ও নারী-শ্রমিকদের প্রতি সংবেদনশীল একটি জাতীয় মজুরি নীতি প্রণয়নে ত্রিপক্ষীয় অংশীজনদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সংস্থাটি। এ ধরনের নীতি মজুরি নির্ধারণে স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করে আইএলও।