শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য স্বতন্ত্র প্রার্থী বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নৌকার গণজোয়ারে তারা ভীত হয়ে গেছে। নৌকার ভোট ব্যাংক হিসেবে পরিচিত কেন্দ্রগুলোতে তারা নিজেরা সমস্যা করে আমাদের দোষ দিচ্ছে। তারা নিজেরা সিল মেরে নৌকার দোষ দিয়ে বিদেশিদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে।
তিনি সকাল ১১টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু এর ভাই এনামুল হক দোলন। সে স্বর্ণ ব্যবসার আড়ালে বিএনপির ও তারেক জিয়ার ডোনার হিসেবে কাজ করছে। ঢাকার পল্টনে বিএনপির বর্বরতায় পুলিশ নিহতের ঘটনায় সে জড়িত। সে নৌকার ভোটারদের হুমকি দিচ্ছে, তাদের মারধর করছে ও নৌকার ক্যাম্প ভাঙচুর করছে। সে মনোহরদী বেলাবতে অরাজকতা করে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। তার বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ দেওয়ার পর ও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের সাথে তার দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।
তিনি আরও বলেন, দেশে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। তারা সবাই স্বাধীনতা ও উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিচ্ছে। নরসিংদীর ৫টি আসনেই বিপুল ভোটে নৌকায় বিজয়ী হবে। আবার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘটন করবে।
