২৫১৭ ভোটারের কেন্দ্রে ভোট পড়েছে ১০৯টি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

ঢাকা-১৫ আসনে ১০০ নম্বর কেন্দ্র ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রের বাইরে প্রচুর লোকের উপস্থিতি স্বাভাবিকভাবেই মনে হতে পারে অনেক ভোটার ভোট দিচ্ছেন। কিন্তু কেন্দ্রের ভিতরে ঢুকে দেখা গেল অনেকটাই শুনশান নীরবতা।

এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫১৭ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০৯টি। এই কেন্দ্রের সবাই পুরুষ ভোটার। সেই হিসেবে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৪.৩৩ শতাংশ।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. ইবনে ফয়সাল দেশ রূপান্তরকে জানান, সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। পরবর্তীতে যখন ভোট কাউন্ট করবো, তখন ভোট কাস্ট অনেক বেড়ে যাবে।

কেন্দ্রের মধ্যেই সকাল ১১টার দিকে কথা হয় ভোটার হাফিজুর রহমানের সঙ্গে। তিনি জানান, তার পরিবারের তিনজন ভোটার। তবে তিনি এখন ভোট দিতে এসেছেন। পরিস্থিতি দেখে শুনে পরিবারের অন্য সদস্যদের ভোট দিতে পাঠাবেন।

ঢাকা-১৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কামাল আহমদ মজুমদার। এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে আরও সাতজন প্রার্থী রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত