বিএনপির হরতালকে ঢং-ঢাং বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ডাকা হরতালকে ঢং-ঢাং বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আজকে ছুটির দিন, উৎসবের দিন। বিএনপির হরতাল মূলত মিডিয়ায় আসার জন্য।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিলেট নগরীর দুর্গাকুমার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে যাচ্ছে, কোনো জোর-জবরদস্তির নাই, সংঘাত নাই।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে বলেন, গত সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়েছিল। এটি ভালো। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে একবার এসেছে ৩৮ শতাংশ এবং একবার এসেছে ৪৪ শতাংশ। তবে ভোটার উপস্থিতির ব্যাপারে তিনি আশাবাদী।

এদিন তিনি সকাল ৯টা ৫০ মিনিটে ভোটকেন্দ্রে আসেন এবং ১০টার দিকে ভোট দেন। তার সঙ্গে সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত