নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় নূরুল আমিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গতকাল রবিবার রাতে আটপাড়া উপজেলার দেওশ্রী, দেওগাও ও গাভুরকাছ গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে রাজন নামের একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
নিহত নূরুল আমিন স্বতন্ত্র প্রার্থী পিন্টুর সমর্থক ও দেওগাও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। নির্বাচনে পরাজিত হয়ে প্রার্থী নৌকার সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নূরুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুফাতো ভাই সাবেক ইউপি সদস্য ভুলু মিয়া। তিনি বলেন, রবিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিজয় মিছিলে নৌকার সমর্থকরা হামলা করে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নূরুল আমিন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, রবিবার রাতে আটপাড়ায় কয়েকটি স্থানে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। শুনেছি নূরুল আমিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
