নির্বাচন পরবর্তী নব নির্বাচিত এমপি’র সর্মথকরা বিজয় মিছিল বের করে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাজধানীর বাড্ডা বেরাইদ বালু নদীর ঘাট এলাকায় সোমবার বেলা ১২ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসময় অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা-১১ আসনের (বাড্ডা-ভাটারা) নব নির্বাচিত এমপি ওয়াকিল উদ্দিনের সমর্থকরা বিজয় মিছিল বের করে। সেখান থেকে প্রথমেই ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক এমপি রহমত উল্লাহর ভাগ্নে আইয়ুব আনসারের বাড়িতে হামলা চালায়। বালু নদীর ঘাট এলাকা থেকে মিছিলটি বেরাইদ বাজারের দিকে যাওয়ার সময় ঘাট সংলগ্ন দুইটি রেস্টুরেন্টে ও কয়েকটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এই দুইটি রেস্টুরেন্টের মালিক এমপি রহমত উল্লাহর সমর্থক। রেস্টুরেন্টের পাশেই উইংস ক্লাব নামে একটি স্থানীয় ক্লাব ঘরে হামলা চালায়।
এছাড়া বেরাইদ বাজারে রহমত উল্লাহ’র সমর্থকদের ১০টি বাড়িতেও হামলা চালায়। এসব হামলায় বেশ কয়েজন আহত হয়েছেন। এদের মধ্যে আসাদুল (৩৫), ইয়ামিন (২৫) ও হেলালকে (৩৫) ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই হামলার পর বিকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, বেলা ১২টার দিকে নব নির্বাচিত এমপি ওয়াকিল উদ্দিনকে অভিনন্দন জানিয়ে বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বেরাইদে একটি মিছিল বের হওয়ার পর হামলা ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষই মামলা বা অভিযোগ করেনি।
