রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থন করায় এই হামলা করা হয়েছে। আহত ওই ব্যক্তি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তির নাম রমেন্দ্রনাথ মন্ডল (৫৩)। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের মধুগড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রামপদ মন্ডল।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রমেন্দ্রনাথ মন্ডল জানান, আমার দোকানে বসে প্রতিদিন সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ মন্ডল পেপার পড়েন। তিনি ঈগল মার্কার নির্বাচন করেছেন। আমার দোকানে বসে পেপার পড়ায় আমাকে মারধর করা হয়েছে। হিল্লোল বসুর নেতৃত্বে ১০-১২জন এই হামলায় অংশগ্রহণ করে। হামলাকারীরা আমার দোকানে প্রবেশ করে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে। এসময় তারা দোকান ভাঙচুর করে।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকার সমর্থক কল্লোল বসু বলেন, আমার কাছে অভিযোগ ছিল, নৌকার প্রতীকের এক সমর্থক ঈগল প্রতীকের একজন নির্বাচনী এজেন্টকে হুমকি দিয়েছে। ঈগল প্রতীকের সমর্থক ইজিবাইক ব্যবসায়ী। আমি তাকে নির্ভয়ে গাড়ি চালাতে বলি। এবিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষকে নিয়ে বৈঠকের আয়োজন করি। সেখানে বিষয়টি সমাধান হয়ে যায়। বৈঠকে জানতে পারি, আমার চাচাতো ভাই নৌকার সমর্থক হিল্লোল বসুকে হত্যা করার জন্য বিদেশ থেকে টাকা পাঠানো হয়েছে। বাজারের ব্যবসায়ী রমেন্দ্রনাথ মন্ডলের কাছে এই টাকা পাঠানো হয়েছে। রমেন্দ্রনাথ ঈগল প্রতীকের সমর্থক। তার দোকানে প্রতিদিন আমাদের প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস আড্ডা দেন।
আমার চাচাতো ভাই বিষয়টি জানার পর রমেন্দ্রনাথের দোকানে যান। কথা বলার এক পর্যায়ে রমেন্দ্রনাথ আমার চাচাতো ভাইকে সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করেন। এরপর তাকে মারধর করা হয়েছে। পরে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আমরা নৌকার সমর্থক। আহত ব্যক্তি ঈগলের সমর্থক। একথা সত্য। নির্বাচনের পরে মারধর করার কারণে নির্বাচনী সহিংসতা বলা হচ্ছে। বিষয়টি আসলে তা নয়। আমার চাচাতো ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়াকে কেন্দ্র করে মারধর করার ঘটনাটি ঘটেছে। সকালে আমি হাসপাতালে গিয়ে ছিলাম। এবিষয়ে মামলা মোকাদ্দমা করতে নিষেধ করা হয়েছে। স্থানীয়ভাবে বৈঠক করে বিষয়টি সমাধান করে দেওয়া হবে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হামলার বিষয়টি সত্য। ওই এলাকায় দুটি পক্ষ রয়েছে। প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তিকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) মো. জিল্লুল হাকিম (নৌকা) দুইলাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম সিদ্দিকী হক (ঈগল) পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।
