বিদায় বেলায় এম এ মান্নান বললেন, আমার কোনো আক্ষেপ নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

বিদায়বেলায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজের চমৎকার পরিবেশ। এখানে কাজ উপভোগ করা যায়। সবকিছুই প্রাণবন্ত। তবে এখানে একটাই চ্যালেঞ্জ, সবার প্রত্যাশা অনেক বেশি থাকে। এখানেও নানা বিধি-বিধান মেনেই কাজ করতে হয়।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শেষ অফিস করেন তিনি।

দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন, কোনো আক্ষেপ রয়ে গেছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, নো নো, আমি এনজয় করছি। আমার কোনো আক্ষেপ নেই, কষ্টও নেই। কারণ আমি মন্ত্রী না থাকলেও সংসদে আছি। সংসদ সরকারের ওপরে। আমি দলের একজন কর্মী। আমি শেখ হাসিনার একজন কর্মী।

পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন যিনি মন্ত্রী হয়ে আসবেন তার প্রসঙ্গে তিনি বলেন, এখানে নতুন যিনি আসবেন তিনিই আমার সহকর্মী। আমার কোনো মতামত নিলে উনাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি আমার সরকারের বাইরের কেউ নন। নতুন যিনি আসবেন তাকে অভিনন্দন জানাই।

বিদায়ী দিনে মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কুশলাদি বিনিময় করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত