প্রকাশ্যে ভোট প্রদান, ধর্ম প্রতিমন্ত্রীকে ইসির তলব

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনের নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে প্রকাশ্যে ভোট প্রদান করে নির্বাচনী অপরাধ সংঘটনের দায়ে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাকে তলব ব্যাখ্যা নোটিশ দিয়েছে সংস্থাটি।

ইসির আইন শাখার পাঠানো নোটিশে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন আপনি ১৩৯ জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইননি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায় মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত তারিখে যথাসময় বর্ণিত স্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত