'প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন পালন করব'

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম

দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেন তা পালন করব বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখনও জানি না। শপথ নেওয়ার পর জানতে পারব কী দায়িত্ব পেয়েছি। তবে যে দায়িত্ব পাই না কেন তা যথাযথভাবে পালন করব।

তিনি বলেন, আমরা রাজনীতি করি। আমাদের মূল জায়গাটা হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা, অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা। পদে থাকি বা না থাকি আমাদের লক্ষ্য একটাই- যারা স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, যারা সন্ত্রাসের পক্ষে রাজনীতি করে তাদের মোকাবেলা করা। দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলা করে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করাই আমাদের মূল চ্যালেঞ্জ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলা প্রতীক নিয়ে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।

দ্বাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ নিতে ফোন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত