শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই শপথের মধ্যে দিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে আওয়ামী লীগও।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর এদিন সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত