ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর এই তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে বৈশ্বীক পরিমণ্ডলে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করায় এবার তাকে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের রাজনীতিতে এক বড় চমকের নাম সাবের হোসেন চৌধুরী। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টুকে মনোনয়ন না দিয়ে ঢাকা-৬ থেকে সাবের হোসেনকে মনোনয়ন দিলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার আওয়ামী লীগ মন্ত্রীসভায় তরুণ সাবের চমক হিসেবে উপমন্ত্রীর দায়িত্ব পান।
আওয়ামী লীগ সভাপতির স্নেহধন্য সাবের ১/১১ তে সংস্কারপন্থী হিসেবে তকমা পেয়ে রাজনীতিতে আড়ালের বাইরে চলে যান। রাজনীতিতে তিনি গুরুত্ব হারিয়ে ফেলেন। কিন্ত তিনি থেমে না গিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখেন। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ যে ৪ বার মন্ত্রীসভা করে প্রতিটিতে আলোচনায় থাকলেও জায়গা না পাওয়া সাবেরের এবার কপাল খুলেছে।
৯৬ এর মন্ত্রীসভায় নৌপরিবহন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবের ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন।
