জনপ্রশাসন মন্ত্রিত্ব পেয়ে আনন্দে ভাসছে মেহেরপুর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম

জনপ্রশাসন মন্ত্রিত্ব পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে মেহেরপুর। জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত ফরহাদ হোসেন এমপিকে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রিত্ব দেওয়ায় খুশি মেহেরপুর।

গত বুধবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সারাদিন মেহেরপুরে খণ্ডখণ্ড আনন্দ মিছিল হয়েছে। দলমত নির্বিশেষে উৎফুল্ল মানুষজন নেচে গেয়ে, গান বাজিয়ে, একে অপরকে মিষ্টিমুখ করিয়ে পূর্ণমন্ত্রিত্ব পাওয়ার আনন্দে মেতে ওঠেন। মেহেরপুরের বিখ্যাত মিষ্টি বাসুদেব গ্র্যান্ড সন্স এবং গিয়াস মিষ্টান্ন ভান্ডারসহ সাধারণ মিষ্টির দোকানে মিষ্টি নিমিষেই ফুরিয়ে যায়।

১৬০ বছরের ঐতিহ্য বাসুদেব গ্র্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী বিকাশ চন্দ্র তেঁতুল জানান, শুক্রবার দুপুর না পেরুতেই দোকানের দুই মন মিষ্টি শেষ হয়ে যায়। পূর্ণমন্ত্রিত্ব পাওয়ায় এলাকা আরও উন্নয়ন সমৃদ্ধ হবে এই আনন্দে সকলেই মিষ্টিমুখ করানোর আনন্দে মিষ্টি কিনছে বলে জানান।

গিয়াস মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দোকান থেকে পূর্ণমন্ত্রিত্ব পাওয়ার আনন্দের ১৩ মন মিষ্টি বিক্রি হয়েছে। কারণ স্বাধীনতা পরবর্তী এই প্রথম ঐতিহাসিক মুজিবনগর মেহেরপুর থেকে কেউ পূর্ণমন্ত্রী হলেন। 

বুধবার রাত থেকেই মেহেরপুর পূর্ণমন্ত্রিত্ব পাবে সরকারের এমন সিদ্ধান্তের খবর পৌঁছালে তখন থেকেই মেহেরপুরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টিমুখ, উৎসব উল্লাস, ভুরিভোজ, গাড়ির হর্ণ বা ভেঁপু বাজিয়ে আনন্দ প্রকাশ করতে রাস্তায় নামে মানুষজন। পূর্ণ মন্ত্রিত্ব পাওয়ার সন্তুষ্টি প্রকাশ করে স্যোসাল মিডিয়ায় “আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অভিনন্দন, শুভেচ্ছা, গর্বিত” বার্তা পোস্ট মূহুর্তে ভাইরাল হয়ে ওঠে। তবে কোন মন্ত্রণালয় পাবে এনিয়ে বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। মেহেরপুর-১ আসন থেকে হ্যাট্রিক হওয়া এমপি ফরহাদ হোসেনকে সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ঘোষণার পর আনন্দে ফেটে পড়ে মেহেরপুর।

মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন বলেন, দেশের রাষ্ট্রপ্রধান গোপালগঞ্জ থেকে নির্বাচিত শেখ হাসিনা এমপি। সেই রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের প্রধান হলেন মুজিবনগর মেহেরপুর-১ থেকে নির্বাচিত ফরহাদ হোসেন এমপি। স্বাধীনতার সুতিকাগার ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রীক মেহেরপুর। কিন্তু দলীয় সঙ্কীর্ণতার শিকার হয়ে এতদিন ঐতিহাসিক মুজিবনগর মেহেরপুর অবহেলিত ছিল। এই সরকার মুজিবনগরকে তার যথার্থ মূল্যায়ন দিচ্ছে।

মেহেরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, স্বাধীনতা, স্বাধীকার, ভাষা, গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস সমৃদ্ধ ২০০ বছরের পুরনো অঞ্চল মেহেরপুর। এবারই প্রথম আমরা মন্ত্রিত্ব পাওয়ায় শিল্পী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজ খুশি। এবার এই জেলায় সাংস্কৃতিক ডোম গড়ে তোলা হলে এই জেলার হারানো শিল্প সাহিত্য কৃষ্টি, ঐতিহ্য আবার সমৃদ্ধ হয়ে উঠবে।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পল্লব ভট্টাচার্য্য বলেন, সরকার মেহেরপুরকে পূর্ণমন্ত্রিত্ব দেওয়ায় আজ মেহেরপুরের প্রতিটি পেশাজীবি সেক্টর ঐক্যবদ্ধ হয়ে মেহেরপুরকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবার মুক্তিযুদ্ধেও চেতনায় আরও গতিশীল হবে প্রশাসন। এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত ফরহাদ হোসেনকে পূর্ণ মন্ত্রী হিসেবে পেয়ে ঝিমিয়ে পড়া মেহেরপুর এখন উজ্জীবিত হয়ে উঠেছে। সকলেই স্বপ্ন দেখছে জঞ্জালমুক্ত একটি স্বচ্ছ সমৃদ্ধশালী মেহেরপুর গড়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত