৭ তারিখের নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি : নুর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে গণধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিজয় নগরে এ দাবিতে দলটির পক্ষ থেকে গণমিছিল বের করা হয়।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়।

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘পশ্চিমারা নির্বাচনের আগে যেভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। এ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। বিভিন্ন বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সংগঠন তারা যে বক্তব্য-বিবৃতি দিচ্ছে তাতেও তারা বলছে ৫-৭ শতাংশের বেশি ভোট পড়েনি। তার মানে ৯৫- ৯৩ ভাগ মানুষ এই সরকারকে সমর্থন করছে না, তারা সরকারের বিরুদ্ধে’।
 
নুর বলেন, ‘সরকারকে বলতে চাই, আপনারা কতটা জনবিচ্ছিন্ন আপনারা নিজেরাও জানেন। অনতিবিলম্বে এই ডামি পার্লামেন্ট ভেঙে জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিন’।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের জনগণ পার্লামেন্টে বসতে দেবে না। রাষ্ট্রের ২ হাজার কোটি টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনী উৎসব করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণ আপনাদের এই সাজানো নির্বাচন বয়কট করেছে।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ গঠিত হয়েছে। তাড়াহুড়ো করে ডামি এমপি- মন্ত্রীরা ডামি শপথ নিল। কিন্তু এভাবে ক্ষমতার গদি টেকানো যাবে না’।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের  ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত