ইসরায়েলের পক্ষে মন্তব্যে বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারালেন টিগার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে অধিনায়কত্ব হারালেন দক্ষিণ আফ্রিকার ডেভিড টিগার। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে মন্তব্য করায় ডেভিড টিগারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগে। এ জন্য তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

গত অক্টোবরে জোহানেসবার্গে এব অনুষ্ঠানে পুরষ্কার পান টিগার। ওই সময় তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়েছি, আমি এখন উদীয়মান তারকা, কিন্তু সত্যিকারের উদীয়মান তারকা হলো ইসরায়েলের তরুণ সৈন্যরা।’ ঘটনার তিন সপ্তাহ পর ‘প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) টিগারের বক্তব্যকে ‘উস্কানিমূলক এবং উত্তেজক রাজনৈতিক বিবৃতি’ উল্লেখ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছে একটি অভিযোগ দায়ের করে। 

টিগারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে সিএসএ শুক্রবার বিবৃতি দিয়ে বলেছে, ‘গাজায় ইসরায়েলের সংঘাত নিয়ে বিশ্বকাপের ভেন্যুগুলোতে বিক্ষোভ হতে পারে বলে তাদের সতর্ক করা হয়েছে।’ আরও জানানো হয়, ‘সব পরিস্থিতি বিবেচনা করে সিএসএ সিদ্ধান্ত নিয়েছে যে, এই টুর্নামেন্টের জন্য ডেভিডকে (টিগার) অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সকল খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং ডেভিডের নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

নতুন অধিনায়ক যথাসময়ে ঘোষণা করবে সিএসএ। আগামী শুক্রবার শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত