কাজী জহিরুল ও আলাউদ্দিনের ‘জলসা’ মাতাল কবিতা-গানে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

কবিতার ছন্দ আর ধ্রুপদি সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর এক সন্ধ্যা উপহার দিলেন কবি কাজী জহিরুল ইসলাম ও সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদ। কবিতাপাঠ ও সংগীত পরিবেশনার ব্যতিক্রমী আয়োজন ‘জলসা’ শিরোনামে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কথা ললিতকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগী বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশ নেন কবি আতাহার খান, সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক ও প্রাবন্ধিক লিয়াকত খান, সাবেক সচিব সেলিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ এবং পুলিশের সাবেক ডিআইজি মাসুম রাব্বানী।

অনুষ্ঠানের শুরুতে কবি কাজী জহিরুল ইসলাম ও সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদকে কথা ললিতকলা একাডেমির মনোগ্রামসংবলিত উত্তরীয় পরিয়ে বরণ করেন লিয়াকত খান ও ব্রিগেডিয়ার জেনারেল নজরুল।

আয়োজনের প্রথম পর্বে কবি কাজী জহিরুল ইসলাম তার বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে বিষয় ও আঙ্গিকের বৈচিত্র্য বজায় রেখে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। দুই পর্বে বিভক্ত তার কবিতাপাঠে দেশ, রাষ্ট্র, প্রকৃতি, প্রেম, বিরহ ও নৈতিকতার মতো নানা বিষয় উঠে আসে। কবিতার ভাব ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে যন্ত্রসংগীতশিল্পীদের পরিবেশনা পুরো আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা।

বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় অর্জিত ভয়াবহ অভিজ্ঞতার আলোকে লেখা একটি কবিতা পাঠের সময় দর্শক-শ্রোতাদের মধ্যে আবেগ ও শিহরণের সৃষ্টি হয়।

কাজী জহিরুল ইসলাম সমকালীন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি। পাশাপাশি তিনি জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে কর্মরত। বর্তমানে জাতিসংঘ সদর দপ্তরে কর্মসূত্রে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

অন্যদিকে সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদ দুই পর্বে মোট ১৪টি গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতাদের রুচি ও অনুষ্ঠানের আবহ বিবেচনায় তিনি আধুনিক গান, নজরুলসংগীত, পল্লীগীতি ও গজল পরিবেশন করেন। তার সুরেলা কণ্ঠের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সংগীতবোদ্ধা ও শ্রোতাদের।

আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের উচ্চশ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী ও সুরকার। তিনি ছায়ানট থেকে সংগীতে স্নাতক সম্পন্ন করেছেন। তার সুরারোপিত গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শাম্মি আক্তার, ফেরদৌস আরা, তিমির নন্দী, আগুন ও কিরণ চন্দ্র রায়সহ দেশের খ্যাতিমান ও নবীন শিল্পীরা।

অনুষ্ঠানের বিশেষ পর্বে সাহিত্যকর্ম ও দীর্ঘদিনের কাব্যসাধনার স্বীকৃতিস্বরূপ কবি কাজী জহিরুল ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করে কথা ললিতকলা একাডেমি। সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম কবির হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মফিজুল ইসলাম ও লিয়াকত খান দুই শিল্পীর পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা একটি রুচিশীল ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া অনুষ্ঠানস্থলে কবি কাজী জহিরুল ইসলামের বিভিন্ন কাব্যগ্রন্থ ও বই বিক্রির জন্য রাখা হয়। কবির ভক্ত ও অনুরাগীরা তার স্বাক্ষরসংবলিত বই সংগ্রহ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত