তামিলরা কি হিন্দি বিরোধী? প্রশ্ন করতেই সাংবাদিককে থামিয়ে দিলেন বিজয় সেতুপতি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ এএম

বহু ভাষাভাষী মানুষের দেশ ভারত। দেশটির একটা বড় অংশের মানুষের মাতৃভাষা হিন্দি নয়। তবু প্রচার করা হয়, হিন্দি জাতীয় ভাষা। এমনকি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে, জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার। এ কথাও শোনা যায়, ভাষা চাপিয়ে দিতে গেলে দক্ষিণের রাজ্যগুলোতেই সবচেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়তে হয়। এটা কি হিন্দি বিদ্বেষ?

এ নিয়েই সম্প্রতি প্রশ্ন করা হয় তামিল ইন্ডাস্ট্রির অভিনেতা বিজয় সেতুপতিকে। এক সাংবাদিক তার কাছে জানতে চান, গত ৭৫ বছর ধরে তামিলনাড়ু রাজনৈতিকভাবে হিন্দি ভাষার বিরোধিতা করে আসছে। আজও ‘হিন্দি থেরিয়াধু পোদা’ (আমি হিন্দি জানি না) লেখা টি-শার্ট পরে ঘুরে বেড়ান অনেকেই। এই পর্যন্ত বলার পরেই ওই সাংবাদিককে থামিয়ে দেন বিজয়।

তিনি বলেন, ভাষা হিসেবে কখনও হিন্দির বিরোধিতা করা হয়নি। এরপর ওই সাংবাদিক জানতে চান, ‘কিন্তু ভাষা শেখা কি উচিত নয়?’

জবাবে বিজয় বলেন, ‘আমার মনে আছে আপনি আমির খানকেও একই প্রশ্ন করেছিলেন। কেন বারবার একই প্রশ্ন করছেন? আমরা কখনও হিন্দি ভাষাকে অস্বীকার করিনি। আমরা হিন্দি চাপিয়ে দেওয়ার বিপক্ষে। উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ এখন হিন্দি শিখছে, কেউই ভাষাটির বিরুদ্ধে নয়। আপনার প্রশ্নটি ভুল এবং অপ্রাসঙ্গিক। কেউ কাউকে হিন্দি শিখতে বাধা দিচ্ছে না। এমনকি পিটিআর (মন্ত্রী থ্যাগরাজন) এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন, দয়া করে সেটা দেখুন।’

বিজয় অবশ্য এখন শুধু তামিল ছবির অভিনেতা নন। হিন্দি ছবির জগতেও পা রেখেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’র পর ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' ছবিতে অভিনয় করেছেন। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। কয়েকদিন আগে চেন্নাইতে এই ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সেখানেই তামিলনাড়ুর ‘হিন্দি বিরোধিতা’ নিয়ে প্রশ্ন করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত