ব্রাজিল

২০২৩ সালে আমাজন বন উজার কমেছে ৫০ ভাগ

  • আমাজনে গত পাঁচ বছরের মধ্যে রেকর্ডকৃত সর্বনিম্ন বন উজাড়ের হার কম ছিল গত বছর
  • বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে আমাজনের অতিবৃষ্টি অরণ্য বা চিরহরিৎ বনের অবদান খুবই গুরুত্বপূর্ণ
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:২২ পিএম

আগের বছরের তুলনায় ২০২৩ সালে পৃথিবীর ফুসফুসখ্যাত ব্রাজিলের আমাজন বন উজাড়ের হার ৫০ ভাগ কমেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান স্পেস এজেন্সি।

এছাড়া ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় ও জানিয়েছে যে, আমাজনে গত পাঁচ বছরের মধ্যে রেকর্ডকৃত সর্বনিম্ন বন উজাড়ের হার কম ছিল গত বছর। খবর বিবিসি।

তবে বিগত বছরের তুলনায় কম বন উজার হলেও ২০২৩ সালে আমাজনে উজাড় হওয়া এলাকার আকার নিউ ইয়র্ক সিটির আকারের ছয় গুণেরও বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দায়িত্ব নেওয়ার সময় ২০৩০ সালের মধ্যে আমাজন বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া ২০২২ সালে জলবায়ু শীর্ষ সম্মেলনে কপ২৭-এ বিশ্বের বৃহত্তম ‘রেইন ফরেস্ট’ আমাজন পুনরুদ্ধার এবং ভূমিদস্যুদের বিতারিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

লুলা দ্য সিলভার পুর্ববতী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতায় থাকাকালীন আমাজন ধ্বংস ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিবিসি জানায়, ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চের (ইনপে) প্রাথমিক তথ্যে দেখা গেছে যে ২০২৩ সালে আমাজনের ৫,১৫৩ বর্গ কিমি (১,৯৮৯.৬ বর্গ মাইল) বন কেটে পরিষ্কার করা হয়েছিল, যেখানে ২০২২ সালে ১০,২৭৮ বর্গ কিলোমিটার জায়গা উজার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে যে, ‘আমাজন বন ধ্বংস বন্ধে লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ এটি। ব্রাজিল সরকার আমাজনে অবৈধ অনুশীলনের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।‘

বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে আমাজনের অতিবৃষ্টি অরণ্য বা চিরহরিৎ বনের অবদান খুবই গুরুত্বপূর্ণ।

পৃথিবীর জীববৈচিত্র্যের আনুমানিক ১০ শতাংশ রয়েছে আমাজনে। রেইনফরেস্টটি প্রায় ত্রিশ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এবং দশ লাখ আদিবাসীদের আবাসস্থল। এটি বৈশ্বিক উষ্ণতা কমাতেও প্রচুর অবদান রাখছে।

গ্রহের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড চক্রে এর অপরিহার্য ভূমিকার কারণে এটিকে প্রায়ই "গ্রহের ফুসফুস" বলা হয়।

পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই বন ধ্বংস ঠেকানো না গেলে ২০৫০ সালের মধ্যে বনাঞ্চলটি হয়তো বিলীন হয়ে যাবে। যা ডেকে আনবে মারাত্মক জলবায়ু বিপর্যয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত