পার্লারের গোপন কক্ষে ক্যামেরা, গ্রেপ্তারের দিনই জামিন পেলেন ফারনাজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম

রাজধানীর ধানমন্ডির ‘উইমেন্স ওয়ার্ল্ড’ বিউটি পার্লারে গোপন কক্ষসহ বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির মালিক ফারনাজ আলমকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ধানমন্ডি মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ ডিসেম্বর এ মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন- এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) এবং এইচএম জুয়েল খন্দকার (৩৩)।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে আটটি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। 

এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের দুই মালিক তসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাজ আলমসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত