পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষের পর তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। রবিবার পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
খবরে বলা হয়, শনিবার গোলযোগপূর্ণ এ প্রদেশের কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এ বোমা হামলার চালানো হয়। সংঘর্ষে তিন অস্ত্রধারীও নিহত হয়েছেন।
এখন পর্যন্ত কেউ শনিবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্বাধীনতাকামী বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এ অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।
এরআগেও চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প অবকাঠামোসহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নবাদীরা সেসব হামলার দায় স্বীকার করে। এ করিডোর অঞ্চলে সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে।
