বঙ্গোপসাগরে ডুবতে থাকা পাথরবাহী এমভি টিটু-৫৮ নামের একটি লাইটার জাহাজ থেকে ১১ নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার দিবাগত রাতে কোস্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া চিফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আনোয়ার সাত্তার জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু-৫৮ লাইটার জাহাজটির তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। এমন সময় ইব্রাহীম শেখ নামের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
বিষয়টি তাৎক্ষণিক কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোস্ট গার্ড ইস্ট জোনে জানায় ৯৯৯। পরে কোস্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে জাহাজ থেকে ১১ নাবিককে জীবিত উদ্ধার করে। তাদের উদ্ধারের পর জাহাজটি সাগরে ডুবে যায়।