জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ৪টি হল চালু ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) ক্লাস সশরীরে শুরুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা । এসময় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার নেতা সজিব আহামেদ বলেন, ‘৫২ ব্যাচের অনেক আগে ভর্তি পরীক্ষা হয়েছে। ভর্তি পরীক্ষার দীর্ঘদিনেও তারা সশরীরে ক্লাস করার সুযোগ পাচ্ছে না। হলে সিট নিশ্চিত করে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করানো হয়। এটা হাস্যকর ব্ষিয়। তারা অনলাইন ক্লাস বর্জন করেছে। আমরা সশরীরে ক্লাস নেওয়ার দাবিতে আজকে একত্রিত হয়েছি। নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার আগেই তাদেরকে হলে আসন বরাদ্দসহ সশরীরে ক্লাস শুরু করতে হবে।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কোষাধ্যক্ষ ওমর স্বাধীন বলেন, ‘৫২ ব্যাচের ক্লাস শুরু না করে ৫৩ ব্যাচের ক্লাস চাই না। প্রশাসন হল চালু ও ৫২ ব্যাচের ক্লাস শুরু নিয়ে তামাশা শুরু করেছে। গত ২২ নভেম্বর উপাচার্য হল খোলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ২০২৩ সাল পেরিয়ে গেলেও হল চালু হয়নি। দরকার পড়লে আমরা প্রসাশনিক ভবন অচল করে দিব। কিন্তু ৫২ ব্যাচের সশরীরে ক্লাস না নিয়ে ৫৩ ব্যাচের পরীক্ষা হতে দিব না।’
উল্লেখ্য , গত ৩০ নভেম্বর থেকে ৫২ ব্যাচের ক্লাস অনলাইনে শুরু হয়। ৫২ ব্যাচের অনলাইনে ক্লাস চলাকালীন সময়েই ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু হবে।
