সূর্যের দেখা নেই ছয় দিন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

দেশের উত্তরের জেলা গাইবান্ধাতে ছয় দিন ধরে দেখা মেলেনি সূর্যের। গত দুই সপ্তাহ ধরে কুয়াশা আচ্ছন্ন জেলার জনপদ। এতে মাঠে এবং স্বাভাবিক কাজ করতে পারছেন না কর্মজীবীরা। খেটে খাওয়া মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শীতে। জুবুথুবু পুরো জেলা জুড়ে।

রংপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, আজ রবিবার গাইবান্ধা জেলায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শনিবার বিভাগের সব জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত এক সপ্তাহ থেকে জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

সদর উপজেলার হাট লক্ষীপুর বাজারের আল আমিন বলেন, শীতে অবস্থা খুব কাহিল। এরকম ঠাণ্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষদের খুব সমস্যা। এমনিতেই অসুখে চলতে পারি না। এখন শুধু হাত-পা টাটায়।

এদিকে শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীরা বেশি আসছে। এদের মধ্যে মধ্যে সর্দি, কাশি, জ্বর ও অ্যাজমায় আক্রান্তের সংখ্যা বেশি। 

আজ দুপুরে স্থানীয় বাজারে কাঠ ও পাতা কুড়িয়ে আগুন পোহাতে দেখা যায় দুলাল মিয়া, হবিবর রহমান, জাহিদুল ইসলামতে। তারা বলেন, ঠাণ্ডায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় আছি। ছয়দিন থেকে সূর্যের দেখা মিলছে না। এই ঠাণ্ডায় জমিতে কাজও করতে যেতে পারছি না। তাই আগুন পোয়াচ্ছি। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া জানান, জেলা থেকে ৪৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে প্রয়োজনীয় কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য উপজেলায় ৮ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কম্বলগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ শুরু করা হয়েছে।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর জানিয়েছেন, প্রতিদিনই গাইবান্ধা জেলার তাপমাত্রা কমে আসছে। আরো দুই দিন চলমান পরিস্থিতি থাকতে পারে। ১৬ জানুয়ারি থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও দিনাজপুরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে ২৪ ঘণ্টায়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে  জানানো হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আজ দেশের রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত